দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীকে ধর্ষণের অভিযোগে হাসপাতালের প্যাথলজি বিভাগের এক কর্মীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম মো. মাহমুদুল হাসান (২৪)। এদিকে, ভুক্তভোগী নারীকে শারীরিক পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ কাটিয়া ঢালিপাড়া এলাকার নিজ বাড়ি থেকে মাহমুদুল হাসানকে আটক করা হয়। এর আগে সোমবার দুপুরে হাসপাতালের প্যাথলজি বিভাগের একটি কক্ষে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ভুক্তভোগী নারী।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, মাহমুদুল হাসান সাতক্ষীরা সদর হাসপাতালের প্যাথলজি বিভাগে আউটসোর্সিংয়ের মাধ্যমে কাজ করেন। তিনি সদর উপজেলার দক্ষিণ কাটিয়া ঢালিপাড়া এলাকার নজরুল ইসলাম ও রেবা দম্পতির ছেলে।
ওসির ভাষ্য অনুযায়ী, ওই নারী চিকিৎসকের পরামর্শে কয়েকটি পরীক্ষা করাতে হাসপাতালে যান। প্রথমে আলট্রাসনোগ্রাম কক্ষে গেলে তাঁকে পরদিন আসতে বলা হয়। পরে প্যাথলজি বিভাগেও একই কথা জানানো হয়। দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ি ফেরার সময় অভিযুক্ত কর্মী তাঁকে পরীক্ষা করিয়ে দেওয়ার কথা বলে ডাকেন। এরপর প্রস্রাবের নমুনা আনতে বলেন। নমুনা নিয়ে গেলে তাঁকে প্যাথলজি বিভাগের ভেতরের একটি কক্ষে যেতে বলা হয়।
ওসি আরও জানান, ওই নারী কক্ষে প্রবেশ করলে অভিযুক্ত ব্যক্তি দরজা বন্ধ করে দেন। পরে চুল টেনে ধরে ভয়ভীতি দেখিয়ে তাঁর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। এ ঘটনা কাউকে না জানানোর জন্যও তাঁকে ভয় দেখানো হয় বলে অভিযোগ রয়েছে।
পরে ওই নারী বাড়িতে গিয়ে স্বামীকে বিষয়টি জানান। তাঁর স্বামী খোঁজখবর নিয়ে তাঁকে থানায় নিয়ে যান। ভুক্তভোগী নিজেই মামলার বাদী হয়েছেন। পরে পুলিশ অভিযুক্ত মাহমুদুল হাসানকে আটক করে।
সাতক্ষীরার সিভিল সার্জন আব্দুস সালাম বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা আগে অবগত ছিলাম না। মঙ্গলবার দুপুরে জানতে পেরেছি। বিষয়টি নিয়ে পরবর্তী সময়ে আমরাও ব্যবস্থা নেব।’
এমএস/